পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় সুরুজ আলী (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার (২১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সুরুজ চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার স্বপনের ছেলে। তিনি চুয়াডাঙ্গা বড় বাজারের শাহীন ইলেকট্রিক দোকানের কর্মচারী ছিলেন। এই ঘটনায় হৃদয় নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের দুপুরে দুই বন্ধু দ্রুতগতির মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলটি সড়কের পাশের একটি গাছে সজোরে ধাক্কা খায়। এতে দুই আরোহীই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সুরুজ আলীকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন জানান, হাসপাতালে আনার আগেই সুরুজ আলীর মৃত্যু হয়েছে। আহত অপরজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
