নিজ নির্বাচনী এলাকা কক্সবাজারের পেকুয়ায় সাধারণ মানুষের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৯টায় তিনি পেকুয়া কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি স্থানীয় মুসল্লি ও সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
নামাজ পরবর্তী সময়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, “দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই হোক আমাদের আজকের দিনের প্রকৃত আনন্দ।”
রোহিঙ্গা সংকট নিরসনে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে সালাহউদ্দিন আহমদ বলেন, “রোহিঙ্গা প্রত্যাবাসন বর্তমান সরকারের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চলমান ইস্যু। আমরা এই সমস্যার একটি টেকসই ও শান্তিপূর্ণ সমাধানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি এ বিষয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন এবং প্রয়োজনীয় তদন্ত ও কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান জানান।
ঈদের জামাত শেষে সকাল ১০টার দিকে মন্ত্রী মোবারকিয়া মসজিদ প্রাঙ্গণে যান এবং সেখানে তাঁর মা-বাবার কবর জিয়ারত করেন। এসময় তিনি মরহুম মা-বাবার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
