জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণায় অনুপ্রাণিত হয়েই দেশের সর্বস্তরের মানুষ ও বিভিন্ন বাহিনীর সদস্যরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তিনি মন্তব্য করেন, সেদিন জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন, তবে স্বাধীন বাংলাদেশের ইতিহাস তৈরি হতো কি না তা বলা যায় না।
রবিবার (৩১ মে) দুপুরে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এলাকার মসজিদ ও মন্দিরসহ ১৬টি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে ৫০ লাখ টাকার অনুদান প্রদান করা হয়।
হুইপ দুলু তার বক্তব্যে বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তাঁর সেই ঐতিহাসিক আহ্বান সাধারণ মানুষ ও সশস্ত্র বাহিনীর সদস্যদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি করেছিল।” তিনি আরও যোগ করেন, বিগত ৫০ বছরের ইতিহাসে যখনই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সংকটের মুখে পড়েছে, তখনই জিয়া পরিবার দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল, নাসিম উদ্দিন নাসিম, সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন ও কাজী শাহ আলমসহ স্থানীয় দলীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
