লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের মানহানির অভিযোগে সাইবার সুরক্ষা আইনে মামলা, আসামি জেলে

প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির বিরুদ্ধে ফেসবুকে কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগে লক্ষ্মীপুরের রায়পুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আনোয়ার হোসেনসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় আনোয়ার হোসেনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

রোববার (৩১ মে) দুপুরে সোনাপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রুহুল আমিন বাদী হয়ে দণ্ডবিধি ও সাইবার সুরক্ষা আইনে রায়পুর থানায় এই মামলা দায়ের করেন। এর আগে শনিবার (৩০ মে) রাতে উপজেলার সোনাপুর গ্রামের নিজ বাড়ি থেকে স্থানীয়রা আনোয়ারকে আটক করে পুলিশে সোপর্দ করে। গ্রেফতার আনোয়ার হোসেন জাতীয় নাগরিক পার্টির শ্রমিকশক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য প্রচার করেন। এছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম কাগজে লিখে তা পায়ের তলায় দিয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মামলার বাদী রুহুল আমিন জানান, এসব পোস্টের কারণ জানতে চাইলে আনোয়ার ও তার সহযোগীরা তাদের ওপর হামলা চালায় এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। মামলায় আনোয়ারের তিন ভাই ইমন, রুবেল ও দিপুসহ অজ্ঞাত আরও ৪ জনকে আসামি করা হয়েছে।

এদিকে এনসিপির জেলা কমিটির সিনিয়র সদস্য সচিব আলমগীর হোসাইন অভিযোগ করে বলেন, “রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু প্রায় দুই হাজার লোক নিয়ে আনোয়ারের বাড়িতে হামলা-ভাঙচুর ও তাকে মারধর করে পুলিশে দেওয়া হয়েছে। এরপর আবার মামলা করা, এটি অত্যন্ত ন্যক্কারজনক।”

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া মামলার সত্যতা নিশ্চিত করে জানান, আনোয়ার হোসেনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। জেলা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আব্দুল আহাদ শাকিল পাটওয়ারী জানান, সাইবার সুরক্ষা আইন ও দণ্ডবিধির ধারায় দায়ের করা এই মামলায় আদালতের বিচারক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *