সদ্য সমাপ্ত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ করতে না পারার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রী আমিনুল হক। বিসিবি নির্বাচন নিয়ে তদন্তের পর এবার বিশ্বকাপের ব্যর্থতা ও ‘ক্রীড়া কূটনীতির’ অভাব খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।
মঙ্গলবার মিরপুরে এক অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, “আমরা কেন বিশ্বকাপ ক্রিকেট খেলতে গেলাম না, এই বিষয়গুলো যাচাই-বাছাই করে পদক্ষেপ নেওয়া হবে। আমাদের ক্রীড়া কূটনীতির অভাবে আমরা বিশ্বকাপে অংশ নিতে পারিনি। কেন এটি হয়েছে, সেটি তদন্তের বিষয়।” তিনি আরও জানান, এই ব্যর্থতার পেছনে ক্রিকেট বোর্ডের কারা জড়িত এবং কোথায় সমস্যা ছিল, তা প্রতিবেদন আকারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হবে।
সম্প্রতি ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর একটি প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠক করেছেন মন্ত্রী। তিনি জানান, রমজান মাস চলমান থাকায় আপাতত প্রাথমিক আলোচনা শেষ হয়েছে। ঈদের পরেই এই তদন্ত কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
