রাজধানীর কাফরুল থানা এলাকায় অর্থ আত্মসাতের অভিযোগে মাহি চৌধুরী অর্ণব নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ভুক্তভোগীরা। শনিবার (৪ এপ্রিল) উত্তর ইব্রাহিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। আটক মাহি বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
ভুক্তভোগী অ্যাডভোকেট আশিকুজ্জামান মোল্লা জানান, মাহির বিরুদ্ধে প্রায় ৩ থেকে ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। অন্যদিকে ঢাবির মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মো. রাকিব হোসেন জানান, মাহি বিশ্ববিদ্যালয়ের ১২ থেকে ১৫ জন শিক্ষার্থীর কাছ থেকেও প্রায় ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন, যার প্রমাণ তাদের কাছে রয়েছে।
মাহি চৌধুরী অর্ণব ঢাবির মুহসীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামি জানিয়েছেন, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গত মার্চ মাসেই মাহিকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে ঢাবি প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ জানান, তিনি বিষয়টি সম্পর্কে এখনও বিস্তারিত জানেন না। তবে অভিযোগ পেলে হল প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্ত মাহি বর্তমানে কাফরুল থানা হেফাজতে রয়েছেন।
