তরুণীর সাথে কথা বলায় শিবিরকর্মীকে সভাপতির মারধর, পরে ‘মীমাংসা’

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় এক তরুণীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলার জের ধরে ইসলামী ছাত্রশিবিরের এক কর্মীকে ডেকে নিয়ে বেধড়ক মারধর করেছেন সংগঠনটির উপজেলা সভাপতি। গত শনিবার (৩০ মে) রাত ১১টার দিকে কোটচাঁদপুর উপজেলার কুশনা গ্রামের ‘আমেরিকা রোড’ এলাকায় এই ঘটনা ঘটে। এই মারধরের ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।

মারধরের শিকার হওয়া ওই শিবিরকর্মীর নাম হাসিবুল ইসলাম। তিনি কোটচাঁদপুর উপজেলার জগদীশপুর গ্রামের আজিজুল ইসলামের ছেলে।

ঘটনার বিবরণ দিয়ে ভুক্তভোগী শিবিরকর্মী হাসিবুল ইসলাম জানান, শনিবার রাতে কোটচাঁদপুর থানা ছাত্রশিবিরের সভাপতি সিয়াম হোসেন এবং গালিব নামে তাদের সংগঠনের আরেক ব্যক্তি তাকে জরুরি কথা আছে বলে কোটচাঁদপুরের কুশনা গ্রামের আমেরিকা রোড এলাকায় ডেকে নেন। সেখানে যাওয়ার পর একটি মেয়ের সঙ্গে ফোনে কথা বলার বিষয়ে হাসিবুলকে কড়া জিজ্ঞাসাবাদ শুরু করেন সভাপতি সিয়াম। একপর্যায়ে হাসিবুল তরুণীর সাথে কথা বলার বিষয়টি স্বীকার করলে ক্ষিপ্ত হয়ে শিবিরের সভাপতি সিয়াম হোসেন ও গালিব তাকে লাঠি ও কিল-ঘুষি মেরে গুরুতরভাবে জখম ও মারধর করেন।

মারধরের অভিযোগের বিষয়ে জানতে চাইলে কোটচাঁদপুর থানা ছাত্রশিবিরের সভাপতি সিয়াম হোসেন ঘটনার সত্যতা পরোক্ষভাবে স্বীকার করে গণমাধ্যমকে বলেন, “এ বিষয় নিয়ে আমাদের মাঝে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। তবে পরবর্তীতে আমরা নিজেরা সবাই একসাথে বসে ঘরোয়াভাবে বিষয়টি মীমাংসা করে নিয়েছি। এখন আর কোনো সমস্যা নেই। তাই এটা নিয়ে নতুন করে আর কিছু বলতে চাচ্ছি না।”

তবে হাসিবুল ইসলামের আপন চাচা আসাদুল ইসলাম জানান, মারধরের ঘটনার পরপরই তারা ক্ষুব্ধ হয়ে কোটচাঁদপুর মডেল থানায় গিয়ে একটি মৌখিক অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু পরবর্তীতে সংগঠনের শীর্ষ নেতা ও প্রশাসনের স্থানীয় কর্মকর্তাদের সমন্বয়ে দুই পক্ষের মাঝে একটি আনুষ্ঠানিক আপস-মীমাংসা করিয়ে দেওয়া হয়।

কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এই বিষয়ে জানান, “ছাত্রশিবিরের অভ্যন্তরীণ মারধরের এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো পক্ষই কোনো লিখিত অভিযোগ বা এজাহার দায়ের করেনি। যদি ভুক্তভোগী পরিবার বা কোনো পক্ষ থেকে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ পাওয়া যায়, তবে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *