তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ ও স্থগিত হওয়া শেরপুর-৩ আসনে আজই আসছে তফশিল।

বগুড়া-৬ এবং শেরপুর-৩ আসনের উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৯ এপ্রিল এই দুই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আজই এ সংক্রান্ত বিস্তারিত তফশিল ঘোষণা করার কথা রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে বিজয়ী হয়েছিলেন। তবে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী একজনকে একটি আসনই বেছে নিতে হয়। গত ১৬ ফেব্রুয়ারি তারেক রহমান ঢাকা-১৭ (নির্বাচনী এলাকা-১৯০) আসনের প্রতিনিধিত্ব করার ইচ্ছা জানিয়ে কমিশনে লিখিত ঘোষণাপত্র দাখিল করেন। এর ফলে ওই দিন থেকেই বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করে কমিশন।

অন্যদিকে, শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে সাধারণ নির্বাচনের সময় ভোট স্থগিত করা হয়েছিল। গত ৩ ফেব্রুয়ারি এই আসনের জামায়াত মনোনীত বৈধ প্রার্থী নুরুজ্জামান বাদল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) অনুযায়ী, নির্বাচনের আগে কোনো বৈধ প্রার্থীর মৃত্যু হলে ওই আসনের ভোট স্থগিত করার বিধান রয়েছে। সেই প্রেক্ষাপটে স্থগিত হওয়া এই আসনেও আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণের সিদ্ধান্ত নিল ইসি।

নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা গেছে, আজ বিকেলেই উপনির্বাচনের মনোনয়ন দাখিল, যাচাই-বাছাই ও প্রত্যাহারের চূড়ান্ত সময়সীমা জানিয়ে বিস্তারিত তফশিল প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *