নলডাঙ্গায় বিএনপি কার্যালয় ভাঙচুর, আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ

নাটোরের নলডাঙ্গায় একটি ওয়ার্ড বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের ছাতারভাগ গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হঠাৎ ছাতারভাগ গ্রামের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে প্রবেশ করে। হামলাকারীরা কার্যালয়ের ভেতরের চেয়ার-টেবিলসহ আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী ভাঙচুর করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ব্রহ্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রাকিব অভিযোগ করে বলেন, “আরিফুল ইসলাম বাচ্চু, মোকলেসুর রহমান ও কাসেমসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কয়েকজন নেতাকর্মী এই হামলা চালিয়েছেন। তারা প্রকাশ্যে অস্ত্র নিয়ে এসে অফিসটি লণ্ডভণ্ড করে দিয়েছে।” তিনি এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
তবে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের কাউকে এলাকায় না পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, “বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বিএনপি কার্যালয়ে ভাঙচুরের বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ মেলেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *