দীর্ঘদিন পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট আগমনকে কেন্দ্র করে নগরজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকেই সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ ও আশপাশের এলাকায় জনসভাকে ঘিরে মানুষের ঢল নামতে শুরু করে।
বিভিন্ন দিক থেকে মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হন। আম্বরখানা, দরগাহ গেইট ও চৌহাট্টাসহ নগরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে দলীয় নেতাকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যদের রঙিন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে অবস্থান নিতে দেখা যায়। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে। তার আগমনকে ঘিরে সকাল থেকেই সিলেট মহানগরের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের ব্যাপক সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। আলিয়া মাদ্রাসা মাঠজুড়ে টাঙানো হয়েছে অসংখ্য ব্যানার ও ফেস্টুন, যেখানে দলের স্লোগান, শুভেচ্ছাবার্তা এবং তারেক রহমানের ছবি স্থান পেয়েছে। দলীয় পতাকা হাতে নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো সমাবেশস্থল রঙিন ও প্রাণবন্ত হয়ে ওঠে।
এদিকে, জনসভাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
