দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি বছরের ১৬ ডিসেম্বর অথবা আগামী বছরের শুরুতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল (থার্ড টার্মিনাল) পূর্ণাঙ্গভাবে চালু হতে পারে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত গণমাধ্যমকে এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী বিমানকে যেকোনো মূল্যে একটি লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের কড়া নির্দেশনা দিয়েছেন। সেই লক্ষ্যেই দ্রুততম সময়ে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। মূলত গ্রাউন্ড হ্যান্ডলিং ও কিছু কারিগরি ত্রুটির কারণে এর আগে কার্যক্রম শুরু করতে বিলম্ব হলেও এখন কাজ দ্রুত এগোচ্ছে।
পাশাপাশি প্রতিমন্ত্রী কক্সবাজার বিমানবন্দর নিয়ে একটি সুখবর দেন। তিনি জানান, আগামী বাজেটের পর কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালুর পরিকল্পনা রয়েছে এবং আগামী ২-৩ মাসের মধ্যেই সেখান থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হতে পারে।
উল্লেখ্য, ২১ হাজার ৩৯৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বিশাল প্রকল্পের কাজ শুরু হয়েছিল ২০১৯ সালে। ২০২৩ সালে আংশিক উদ্বোধন করা হলেও কারিগরি ও ব্যবস্থাপনা সংক্রান্ত জটিলতায় পূর্ণাঙ্গ কার্যক্রম এতদিন ঝুলে ছিল।
