ভারতের উত্তর প্রদেশের মির্জাপুর জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) রাতে নিয়ন্ত্রণহীন একটি ট্রাকের ধাক্কায় তিনটি গাড়িতে আগুন ধরে গেলে এই প্রাণহানির ঘটনা ঘটে। সংবাদমাধ্যম এএনআই এই তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, একটি দ্রুতগামী বড় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি প্রাইভেটকারকে প্রচণ্ড জোরে ধাক্কা দেয়। প্রাইভেটকারটির সামনে আরও দুটি গাড়ি ছিল। সংঘর্ষের তীব্রতায় গাড়িগুলো দুমড়ে-মুচড়ে যায় এবং মুহূর্তের মধ্যে সেগুলোতে আগুন ধরে যায়। ফলে গাড়ির ভেতরে থাকা যাত্রীরা বের হওয়ার সুযোগ পাননি।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। মির্জাপুরের পুলিশ সুপার অপর্ণা রজত কৌশিক জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত গাড়িগুলো থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ জানায়, নিহতদের পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার পর ওই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হলেও পরবর্তীতে বিকল্প পথে ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়। এই ঘটনায় ঘাতক ট্রাকটিকে চিহ্নিত করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় প্রশাসন।
