ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। হামের উপসর্গ ও নিউমোনিয়া নিয়ে মারা যাওয়া এই শিশুটিকে নিয়ে গত কয়েক সপ্তাহে মোট ১৬ জন শিশুর প্রাণহানি ঘটল। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ১৮ এপ্রিল ময়মনসিংহের ত্রিশাল থেকে ১০ মাস বয়সী ওই শিশুটিকে হামের উপসর্গ ও নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া সত্ত্বেও গতকাল বুধবার রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
গত ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালে নতুন করে আরও ২৭ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালের নতুন ভবনের ৮ তলায় হাম আইসোলেশন ওয়ার্ডে মোট ৬৫ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। ডা. মাইনউদ্দিন খান জানান, গত ১৭ মার্চ থেকে ২৩ এপ্রিল সকাল পর্যন্ত মোট ৭৪৮ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬৬৭ জন। গত ২৪ ঘণ্টায় ৪৭ জন শিশুকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় তিনটি বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে। হাসপাতালের নতুন ভবনের ৮ তলায় পৃথক আইসোলেশন ওয়ার্ড তৈরি করে ২৪ ঘণ্টা চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল প্রশাসন।
