ফেনীর দাগনভূঞা উপজেলায় মাদকের টাকার জন্য নিজের জন্মদাত্রী মাকে নৃসংশভাবে হত্যা করেছে এক যুবক। অভিযুক্ত ছেলের ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন বাবা ও বোন। রোববার (১০ মে) সন্ধ্যায় উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামের মকবুল আহমদ সুপারিন্টেন্ডেন্টের বাড়িতে এই পৈশাচিক ঘটনা ঘটে।
নিহত লাকি বেগম (৪০) ওই গ্রামের মো. মোস্তফার স্ত্রী। এ ঘটনায় আহত মো. মোস্তফা (৪৫) ও তার মেয়ে মিথিলাকে (১৮) আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই ঘাতক ছেলে রাফিকে (২১) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
ঘটনার বিবরণ: স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাফি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল এবং মাদকের টাকার জন্য প্রায়ই বাড়িতে ঝগড়া করত। রোববার সন্ধ্যায় সে হঠাৎ ঘরে ঢুকে ধারাল ছুরি দিয়ে পরিবারের সদস্যদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। রাফির উপর্যুপরি ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মা লাকি বেগমের মৃত্যু হয়। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে রাফিকে দুটি রক্তমাখা ছুরিসহ হাতেনাতে আটক করে।
চিকিৎসক ও পুলিশের বক্তব্য: ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহরিয়ার কবির জানান, হাসপাতালে আনার আগেই লাকি বেগমের মৃত্যু হয়েছে। আহত বাবা ও মেয়ের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করা হয়েছে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম জানান, রাফি একজন চিহ্নিত বখাটে ও মাদকাসক্ত। অত্যন্ত ঠাণ্ডা মাথায় সে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি ধারাল ছুরি উদ্ধার করেছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
