দেশের তিন বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর

বজ্রমেঘের ঘনঘটার কারণে দেশের তিন বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী বুধবার (১৩ মে) সন্ধ্যা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় দফায় দফায় এই বৃষ্টিপাত হতে পারে।

সোমবার (১১ মে) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের সই করা এক সতর্ক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের অভ্যন্তরে শক্তিশালী বজ্রমেঘ সৃষ্টি হতে পারে এবং এ পরিস্থিতি আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে ১৩ মে সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় সংশ্লিষ্ট বিভাগগুলোতে ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বিশেষভাবে উল্লেখ করেছে যে, অতি ভারী বর্ষণের কারণে সিলেট বিভাগের কিছু নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। পাহাড়ি ঢল ও বৃষ্টির পানির কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট এলাকাগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

মূলত প্রাক-বর্ষার এই সময়ে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের আধিক্য ও বজ্রমেঘের কারণে দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির তীব্রতা বেশি থাকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *