নিঃস্ব অবস্থায় জীবন কাটছে মাশরাফির পরিবারের: বিস্ফোরক মন্তব্য বাবার।

বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা বর্তমানে এক কঠিন সময় পার করছেন। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে লোকচক্ষুর আড়ালে থাকা এই তারকা ক্রিকেটার মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েছেন বলে জানিয়েছেন তার বাবা গোলাম মুর্তজা। এমনকি গভীর অভিমানে তিনি শেষ ইচ্ছায় নিজের জন্মস্থান নড়াইলে সমাহিত না হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে মাশরাফির বাবা জানান, গত দুই বছর ধরেই এক প্রকার অন্তরীণ জীবনযাপন করছেন তার পরিবার। বিশেষ করে সাম্প্রতিক সময়ে সেই প্রাণবন্ত মাশরাফিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। গোলাম মুর্তজা বলেন, “মাশরাফির জীবন এখন আর কোনো জীবন নেই। কথা হয়, তবে খুব কম। সে খুব আঘাত পেয়েছে। ওর একটা কথা শুনে আমি খুব কষ্ট পেয়েছি— সে বলেছে, ‘আমি মারা গেলে আমার লাশটা নড়াইলে নিও না’।”

পরিবারের বর্তমান আর্থিক অবস্থা নিয়েও কথা বলেছেন গোলাম মুর্তজা। তিনি জানান, তাদের নগদ কোনো অর্থকড়ি নেই এবং তারা অত্যন্ত সাধারণ জীবনযাপন করছেন। নিজেদের জমিজমা ও খামার থেকে যা আসে, তা দিয়েই কোনোমতে দিন কাটছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “আমরা ধানাই-পানাই বা ধান্দাবাজি করে খাইনি। কেউ বলতে পারবে না আমরা কোনো দুর্নীতির সঙ্গে জড়িত। আমার পরিবার বা মাশরাফি—কেউই কোনো অন্যায় সুবিধা নেয়নি।”

উল্লেখ্য, ৫ আগস্টের পর মাশরাফির নড়াইলের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। নিজের প্রিয় জন্মভূমির মানুষের এমন আচরণে এই ‘নড়াইল এক্সপ্রেস’ গভীরভাবে মর্মাহত বলেই ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *