বিগত সরকার শিক্ষকদের ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে: সিলেটে শিক্ষামন্ত্রী

বিগত সরকার শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের সাত হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। বুধবার (১৫ এপ্রিল) সিলেটের মেন্দিবাগ অডিটরিয়ামে এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে কেন্দ্রসচিবদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, “২০২২ সালের পর থেকে আপনারা অবসর ভাতা বা কল্যাণ ট্রাস্টের টাকা পাননি। ২০২৩, ২০২৪ ও ২০২৫ সাল পার হয়ে গেলেও আপনারা এক টাকাও পাননি, কারণ এই টাকা বিগত সরকারের সময় সংশ্লিষ্টরা আত্মসাৎ করেছে।” তিনি আরও জানান, টাকার অভাবে অনেক শিক্ষক চিকিৎসার অভাবে মারা গেছেন। সরকার আগামী বাজেটে থোক বরাদ্দ পেলে এই পাওনা পরিশোধের প্রক্রিয়া শুরু করবে। এছাড়া শিক্ষকদের জন্য পৃথক বেতন স্কেল, মেডিকেল অ্যালাউন্স ও হাউস রেন্ট দেওয়ার বিষয়েও সরকার ভাবছে বলে তিনি মন্তব্য করেন।

ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনার ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, “ইংলিশ মিডিয়াম শিক্ষা থাকবে এটা স্বাভাবিক, কিন্তু তা মন্ত্রণালয়ের বিধিবিধানের বাইরে থাকবে—এটা গ্রহণযোগ্য নয়।” এসব প্রতিষ্ঠানের ফি নির্ধারণ ও মান নিয়ন্ত্রণের জন্য একটি কার্যকর ‘রেগুলেটরি বোর্ড’ গঠনের বিষয়ে কাজ চলছে বলে তিনি জানান।

এহসানুল হক মিলন বলেন, “শিক্ষা যেন শুধু বিত্তবানদের নাগালের মধ্যে সীমাবদ্ধ না থাকে। বাংলা, ইংরেজি বা মাদ্রাসা—সব ধারার শিক্ষাপ্রতিষ্ঠানকে অভিন্ন কাঠামোর মধ্যে এনে বৈষম্য দূর করা হবে।” এছাড়া সিলেট অঞ্চলে শিক্ষার উন্নয়নে প্রবাসীদের বিনিয়োগ বাড়ানোরও আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী এবং শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *