বিশ্বকাপের আগে চোটের কবলে তিন আর্জেন্টাইন তারকা; দুশ্চিন্তায় চ্যাম্পিয়ন শিবির

জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপের বাকি আর মাত্র ৫৯ দিন। ঠিক এই সময়ে ইনজুরি বা চোটের খবর যেকোনো দলের জন্যই আতঙ্কের। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার ক্ষেত্রে সেই আতঙ্ক এখন বাস্তব। দলের তিন প্রধান স্তম্ভ—গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ, স্ট্রাইকার লাওতারো মার্তিনেজ এবং ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো এখন চোটের কারণে মাঠের বাইরে।

মাংসপেশির চোট কাটিয়ে ইন্টার মিলানের হয়ে মাঠে ফিরলেও আবারও একই জায়গায় চোট পেয়েছেন লাওতারো মার্তিনেজ। ইন্টার মিলান কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁর শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিশ্বকাপের আগে তাঁর সেরা ছন্দে ফেরা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

অ্যাস্টন ভিলার হয়ে পুরো মৌসুমজুড়েই পেশির চোটে ভুগেছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। সর্বশেষ ম্যাচে ওয়ার্মআপের সময় পুনরায় ব্যথা অনুভব করায় শেষ মুহূর্তে দল থেকে ছিটকে যান তিনি। তাঁর চোট কতটা গুরুতর, তা নিয়ে এখনো স্পষ্ট কোনো বার্তা পাওয়া যায়নি।

সবচেয়ে নাটকীয়ভাবে চোটে পড়েছেন ক্রিস্টিয়ান রোমেরো। সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের সঙ্গে ধাক্কা খেয়ে নিজের গোলরক্ষকের ওপর আছড়ে পড়েন তিনি। হাঁটুতে গুরুতর আঘাত পাওয়ায় তাঁকে মাঠ ছাড়তে হয়। টটেনহ্যাম কোচ রবার্তো দে জার্বিও রোমেরোর অবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।

বিশ্বকাপের আগে এই তিন অভিজ্ঞ খেলোয়াড়কে ফিট করে তোলা এখন কোচ লিওনেল স্কালোনির জন্য পাহাড়সম চ্যালেঞ্জ। শিরোপা ধরে রাখার মিশনে এমন ছন্দপতন আর্জেন্টিনার ভক্তদের মনেও উদ্বেগের সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *