“পুলিশের চাকরি ওয়ান কাইন্ড অব বিজনেস (এক ধরনের ব্যবসা)। আমরা কেউ কাউকে ঠকাবো না। সবাই মিলেমিশে থাকবো।”— নেত্রকোনার কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেমের এমন একটি চাঞ্চল্যকর বক্তব্যের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওসির এমন মন্তব্য ফাঁসের পর জেলাজুড়ে সাধারণ মানুষ ও পুলিশ প্রশাসনের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
গতকাল শনিবার (৩০ মে) অডিও রেকর্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে থানার অন্যান্য পুলিশ সদস্যদের উদ্দেশে ওসি আবুল হাশেমকে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করতে শোনা যায়।
ছড়িয়ে পড়া অডিওতে ওসিকে আরও বলতে শোনা যায়, “ধরেন দুই হাজার টাকা আমি খরচ করলাম, এই টাকা তো আমার বাড়ির টাকা না, বেতনের টাকাও না। আপনারা একটা অভিযোগ দিলেন এক হাজার টাকা, আরেকটা খারিজ কইরা ফেললেন এক হাজার টাকা, ওইটা দিয়েই কিন্তু আমি পাড়ি দিয়া দিলাম। তাইলে আমার তো রিস্ক নাই, নো টেনশন, খুব রিলাক্সে আছি।”
থানার অভ্যন্তরীণ শৃঙ্খলা ও টাকা ভাগাভাগির ইঙ্গিত দিয়ে অডিওতে ওসি বলেন, “পুলিশের যে চাকরিটা এটা ওয়ান কাইন্ড অব বিজনেস। সবাই কিন্তু এই বিজনেসের সঙ্গে জড়িত না। আমরা কিন্তু একজন আরেকজনরে সেইফে রাখছি। সবাই সমন্বয় করে চলতে হবে। ওসির মাথায় কিন্তু কাঁঠাল ভেঙে খাইতে পারবেন না। সর্বোপরি আমি আপনাদের ঠকাবো না, আমি কি বাড়ি থেকে টাকা এনে খরচ করতাছি, না জমি বেইচ্যা আইন্যা আপনাদের চালাইতেছি!”
ধর্মীয় বার্তার প্রসঙ্গ টেনে ওসির কণ্ঠ সদৃশ ওই ব্যক্তি বলেন, “সবাই যেন ভালো থাকতে পারি। যার যেই অধিকার সে যেন সেটা পায়। আমার যারা কনস্টেবল আছে তারা যেন যেটা পাওয়ার সেটা পায়, তারা যেন বঞ্চিত না হয়। হক মারা আমি পছন্দ করি না। কারণ যারা হক মারে রাসূল (সা.) তারে সাফায়েত করবেন না। এটাই কিন্তু ফাইনাল কথা। কেউ চালাকি করবেন না। বর্তমান মিডিয়া অনেক এগিয়ে আছে।”
বর্তমান যুগকে মিডিয়ার যুগ উল্লেখ করে সতর্কতা দেওয়ার পরও ওসির এই বক্তব্য সম্বলিত অডিওটি কীভাবে ফাঁস হলো, তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে। তবে এই অডিওর সত্যতা এবং এর বিরুদ্ধে জেলা পুলিশ কোনো বিভাগীয় ব্যবস্থা নিচ্ছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
