মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা: বন্ধ আকাশসীমা, ঢাকা থেকে ১৪৭ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের জেরে চরম অস্থিরতা বিরাজ করছে। নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতসহ ৭টি দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশেও; গত চার দিনে ঢাকা থেকে অন্তত ১৪৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এই সংঘাতের পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের হিড়িক পড়েছে। মঙ্গলবার (৩ মার্চ) এক দিনেই বাতিল করা হয়েছে ৩৮টি ফ্লাইট। এতে মধ্যপ্রাচ্যগামী হাজার হাজার প্রবাসী যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত মোট ১৪৭টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে:
২৮ ফেব্রুয়ারিঃ- ২৩টি
১ মার্চঃ- ৪০টি
২ মার্চঃ- ৪৬টি
৩ মার্চ (মঙ্গলবার):- ৩৮টি

মঙ্গলবার বাতিল হওয়া ফ্লাইটের তালিকায় রয়েছে— এয়ার অ্যারাবিয়া (১২টি), কাতার এয়ারওয়েজ (৪টি), এমিরেটস (৪টি), গালফ এয়ার (৪টি), ফ্লাইদুবাই (৪টি), জাজিরা এয়ারওয়েজ (৪টি), কুয়েত এয়ারওয়েজ (২টি) এবং ইউএস-বাংলা এয়ারলাইন্স (৪টি)।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাল্টা জবাবে ইরানও বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। চলমান এই রক্তক্ষয়ী সংঘাতের ফলে আকাশপথ অনিরাপদ হয়ে পড়ায় একের পর এক দেশ তাদের এয়ারস্পেস বন্ধ ঘোষণা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *