ইসরায়েলি ও মার্কিন ঘাঁটিতে হিজবুল্লাহ-ইরানের জোড়া হামলা

মধ্যপ্রাচ্যে সংঘাতের মাত্রা আরও তীব্র করে উত্তর ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি এবং বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে বড় ধরনের হামলার দাবি করেছে হিজবুল্লাহ ও ইরান। মঙ্গলবার (৩ মার্চ) ভোরে পৃথক এই অভিযানগুলো পরিচালিত হয়।

লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, মঙ্গলবার ভোরে উত্তর ইসরায়েলের রামাত ডেভিড (Ramat David) বিমান ঘাঁটিতে তারা ড্রোন হামলা চালিয়েছে। গোষ্ঠীটির দাবি, ড্রোনগুলো সরাসরি ঘাঁটির রাডার সাইট এবং নিয়ন্ত্রণ কক্ষগুলোকে লক্ষ্য করে আঘাত হেনেছে। লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক বর্বর হামলার প্রতিশোধ নিতেই এই ‘অপারেশন’ চালানো হয়েছে বলে জানানো হয়। তবে হামলার ক্ষয়ক্ষতি নিয়ে ইসরায়েল এখনো মুখ খোলেনি।

অন্যদিকে, বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। আইআরজিসি-র বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার সকালে বাহরাইনের শেখ ইসা (Sheikh Isa) এলাকায় অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সমন্বয়ে এই হামলা চালানো হয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি উপস্থিতির বিরুদ্ধে ইরানের ঘোষিত সামরিক ব্যবস্থার অংশ হিসেবেই এই পদক্ষেপ।

এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে, সে বিষয়ে ওয়াশিংটন বা তেল আবিবের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র : আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *