ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যজুড়ে চরম উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির মধ্যেই সৌদি আরব সফরে গেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। শুক্রবার (৩ এপ্রিল) স্থানীয় সময় তিনি সৌদি আরবে পৌঁছান এবং দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।
মধ্যপ্রাচ্যে বর্তমান যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পর ইতালির প্রধানমন্ত্রীই প্রথম কোনো ইউরোপীয় ইউনিয়নের (EU) শীর্ষ নেতা হিসেবে জেদ্দা সফরে গেলেন। এই সফরটি পূর্বনির্ধারিত ছিল না। মূলত ইরানের হামলার মুখে থাকা মধ্যপ্রাচ্যের বন্ধুপ্রতীম দেশগুলোর প্রতি ইতালির সমর্থন প্রকাশ করতেই মেলোনির এই আকস্মিক আগমন।
যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সংকট ও ব্যাপক মূল্যবৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ইতালিতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা মেলোনির এই সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য। দুই দিনের এই সফরে সৌদি আরব ছাড়াও তিনি কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়লে ইউরোপের জ্বালানি বাজার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয় এড়াতে আগেভাগেই আরব মিত্রদের সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চাইছেন মেলোনি।
