মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বাংলাদেশের অর্থনীতির ওপর চাপ বাড়ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে এই চাপের প্রভাব এখনো সরাসরি জনগণের ওপর পড়েনি এবং পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আজ রোববার (২২ মার্চ) ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, “আমরা একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থার মধ্যে দায়িত্ব নিয়েছি। তার ওপর মধ্যপ্রাচ্যের যুদ্ধ নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে আমাদের ওপর চাপ আরও বাড়বে।”
জ্বালানি নিরাপত্তা বিষয়ে আশ্বস্ত করে মন্ত্রী জানান, এখন পর্যন্ত জ্বালানি আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। শিল্প-কারখানা বা বিদ্যুৎ খাতে বড় কোনো বিঘ্ন ঘটেনি। তিনি বলেন, “আমরা এমনভাবে ব্যবস্থাপনা করছি যাতে জ্বালানির অভাবে উৎপাদন ব্যাহত না হয়। এখন পর্যন্ত জ্বালানির দাম বা পরিবহন ভাড়া বাড়ানো হয়নি এবং শ্রমিকদের বেতন-ভাতাও সময়মতো পরিশোধ করা হয়েছে।”
তবে ভবিষ্যতের সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, জ্বালানির বড় উৎস মধ্যপ্রাচ্য হওয়ায় বিশ্বব্যাপী তৈরি হওয়া চাপের প্রভাব বাংলাদেশেও আসতে পারে। পরিস্থিতি মোকাবিলায় সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি ও প্রয়োজনীয় পণ্য আমদানির উদ্যোগ নিয়েছে এবং বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি দেশবাসীকে সংযম ও সহযোগিতার আহ্বান জানান।
