মালিক-শ্রমিক সমঝোতার ভিত্তিতে তোলা টাকা চাঁদা নয় – সড়কমন্ত্রী

শেখ রবিউল আলম, সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী, বলেছেন—পরিবহন খাতে মালিক-শ্রমিক সংগঠনের নামে তোলা টাকাকে তিনি চাঁদা হিসেবে দেখছেন না।

তিনি বলেন, এই অর্থ সমঝোতার ভিত্তিতে আদায় করা হচ্ছে, জোরপূর্বক নয়; তাই চাঁদাবাজির সুযোগ নেই। তবে সমঝোতার ভিত্তিতে তোলা এই টাকা অতিরিক্ত কি না, তা খতিয়ে দেখা হবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সড়ক পরিবহন মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পরিবহন খাতের চাঁদাবাজি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের শেখ রবিউল আলম বলেন, “সড়কে পরিবহনের ক্ষেত্রে যেটাকে চাঁদা বলা হয়, আমি সেটাকে চাঁদা হিসেবে দেখছি না। মালিক সমিতি ও শ্রমিক সমিতি আছে, তারা এ অর্থ সমিতির কল্যাণে ব্যয় করে। এটা অলিখিত বিধির মতো। চাঁদা আমি সেটাকে বলতে চাই, যেটা কেউ দিতে চায় না বা তাকে বাধ্য করা হয়। মালিক সমিতি নির্দিষ্ট হারে টাকা তুলে মালিকদের কল্যাণে ব্যবহার করতে চায়। কতটুকু ব্যবহার হয়, সেটা নিয়ে বিতর্ক আছে। কিন্তু তারা সমঝোতার ভিত্তিতে এ কাজটা করে।”

সড়ক পরিবহনমন্ত্রী রবিউল আলম আরও বলেন – তবে সমঝোতার ভিত্তিতে তোলা চাঁদাটা বাড়তি কি না, তা সরকার খতিয়ে দেখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *