মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফার অস্ত্রোপচার সফল; সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি সম্পন্ন

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় এই অস্ত্রোপচার শুরু হয়েছিল।

অস্ত্রোপচার পরবর্তী পরিস্থিতি নিয়ে চিকিৎসকরা জানিয়েছেন, দ্বিতীয় দফার এই অস্ত্রোপচার সফল হয়েছে। তবে অস্ত্রোপচার পরবর্তী জটিলতা এড়াতে তাঁকে বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেই উন্নত চিকিৎসার জন্য দ্রুততম সময়ে সিঙ্গাপুরে স্থানান্তর করা হতে পারে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, মির্জা আব্বাসের শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়া মাত্রই তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করে রাখা হয়েছে। এজন্য প্রয়োজনীয় এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত রয়েছে।

উল্লেখ্য, এর আগে একই দিনে বিকেল ৩টায় তাঁর মস্তিষ্কে প্রথম দফার অস্ত্রোপচার শুরু হয়, যা সন্ধ্যা সোয়া ৬টায় শেষ হয়েছিল। প্রবীণ এই নেতার দ্রুত আরোগ্য কামনায় তাঁর পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *