মধ্যপ্রাচ্যের উত্তেজনা এক নতুন উচ্চতায় পৌঁছেছে। শনিবার (১৪ মার্চ) ভোরে ইরান থেকে সরাসরি ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে বড় ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। একই সময়ে লেবানন সীমান্ত-সংলগ্ন উত্তর গ্যালিলি অঞ্চলেও বৃষ্টির মতো রকেট আছড়ে পড়েছে, যা হিজবুল্লাহর কাজ বলে ধারণা করা হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরান থেকে ছোঁড়া একঝাঁক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘অ্যারো’ এবং ‘ডেভিডস স্লিং’ সক্রিয় রয়েছে। হামলার সময় ইসরায়েলের একটি বড় অংশজুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং আকাশপথে বিস্ফোরণের শব্দ শোনা যায়।
ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ডের তথ্যমতে, স্থানীয় সময় ভোর ৪টা ২২ মিনিটে উত্তর ইসরায়েলের কফার গিলাদি, কফার ইউভাল এবং মেটুলা এলাকায় আঘাত হানে এসব রকেট। মধ্য ইসরায়েলের বেন গুরিয়েন বিমানবন্দরের কাছের শহর শোহামেও একটি ভবনে আগুন ধরে যাওয়ার খবর পাওয়া গেছে, যেখান থেকে ৩০ জন বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণের নেগেভ মরুভূমির একটি বেদুইন গ্রামেও ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে।
ইসরায়েলি সামরিক বাহিনী আক্রান্ত এলাকার বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার কঠোর নির্দেশ দিয়েছে। যুদ্ধক্ষেত্রের এই দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি পুরো অঞ্চলকে এক অনিশ্চিত যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।
