কুষ্টিয়া নির্বাচন নিয়ে নানা আলোচনা থাকলেও শেষ পর্যন্ত গণতন্ত্রের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জামায়াত মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুষ্টিয়া শিল্পকলা মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া সদ্য সমাপ্ত নির্বাচন প্রসঙ্গে মুফতি আমির হামজা বলেন, “গণতন্ত্রের বিজয় হয়েছে। এই যে নির্বাচন গেল, যদিও ইঞ্জিনিয়ারিং-প্ল্যানিং যাই বলেন—এগুলো মেকানিজম হয়েছে; কিন্তু আমি মনে করি দিনশেষে গণতন্ত্রের বিজয় হয়েছে। মানুষ ভোট দিতে পেরেছে। ভোট নিয়ে যা হয়েছে ওগুলো আমি বলতে চাই না, তবে ময়দানে কিন্তু ভোট হয়েছে।”
রমজান মাসে মানুষের পরিবর্তন নিয়ে তিনি বলেন, “আজকে অনেকের মাথায় টুপি দেখে মনে হচ্ছে তারা ইবাদত করেন। আমরা চাই এই পরিবেশ যেন বছরের বাকি ১১ মাসও বজায় থাকে। শুধু রমজান এসেছে বলেই মাথায় টুপি তুলবেন না। এখন আপনাদের যে অবস্থায় পাচ্ছি, আগামীতেও যেন আপনাদের এমন চেহারা, সুরত এবং কর্ম বজায় থাকে।”
সাংবাদিকদের দেশপ্রেম ও মেধার প্রশংসা করে তিনি বলেন, “কুষ্টিয়ার চৌকস ও মেধাবী সাংবাদিকদের কারণে এখানে স্বচ্ছ সাংবাদিকতার ধারা রচিত হয়েছে।” তিনি সাংবাদিকদের সতর্ক করে দিয়ে বলেন, “আপনারা যা লিখবেন, তা হয় আপনাকে জান্নাতে নিয়ে যাবে নতুবা জাহান্নামে। আশা করছি আপনারা সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে থাকবেন।”
ইফতার মাহফিলের আয়োজন জেলা জামায়াতের সেক্রেটারি সূজা উদ্দিন জোয়ার্দারের সভাপতিত্বে ও শহর জামায়াতের আমির এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ (অব.) খন্দকার এ.কে.এম. আলী মুহসিন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের সংবাদকর্মী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
