শিরোপা উদযাপনের সব প্রস্তুতিই সেরে ফেলেছিল আল নাসর। গ্যালারিতে উৎসবের আবহ, আর ডাগআউটে ক্রিস্টিয়ানো রোনালদোর মুখে স্বস্তির হাসি। কিন্তু ফুটবল যে নিষ্ঠুর হতে পারে, তার প্রমাণ মিলল ম্যাচের একদম শেষ মুহূর্তে। সৌদি প্রো লিগের হাইভোল্টেজ ম্যাচে আল হিলালের বিপক্ষে জয় থেকে মাত্র ১০ সেকেন্ড দূরে ছিল আল নাসর। কিন্তু গোলরক্ষক বেন্তোর এক অবিশ্বাস্য ভুলে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের।
আল-আউয়াল পার্কে ম্যাচের ৩৭তম মিনিটে কিংসলে কোমানের বাড়ানো বল থেকে দারুণ এক গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন মোহামেদ সিমাকান। দ্বিতীয়ার্ধে আল হিলাল মরিয়া হয়ে আক্রমণ চালালেও আল নাসরের রক্ষণভাগ তা দারুণভাবে সামলে রেখেছিল। ১-০ ব্যবধানে এগিয়ে থাকা আল নাসর যখন জয়ের উল্লাসের প্রহর গুনছিল, ঠিক তখনই ঘটে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা।
ইনজুরি টাইমের যোগ করা সময়ও তখন শেষের পথে। ম্যাচ শেষ হতে বাকি মাত্র ১০ সেকেন্ড। আল হিলালের একটি লম্বা থ্রো-ইন ধরতে কোনো চাপ ছাড়াই গোলবার ছেড়ে সামনে এগিয়ে আসেন গোলরক্ষক বেন্তো। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বলটি তাঁর হাত ফসকে সরাসরি জালে ঢুকে যায়। এই আত্মঘাতী গোলটি হওয়ার সাথে সাথে স্তব্ধ হয়ে যায় পুরো স্টেডিয়াম। ডাগআউটে দাঁড়িয়ে থাকা রোনালদোকেও তখন হতবাক মুখে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এই ড্রয়ের পরও ৩৩ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই আছে আল নাসর। তবে এক ম্যাচ কম খেলা আল হিলালের পয়েন্ট এখন ৭৮। শিরোপার সমীকরণ এখন শেষ ম্যাচ পর্যন্ত গড়িয়েছে। আল হিলাল যদি তাদের পরের ম্যাচে নিওম এসসিকে হারায়, তবে ব্যবধান কমে দাঁড়াবে মাত্র ২ পয়েন্টে। সেক্ষেত্রে শেষ ম্যাচে দামাক এফসির বিপক্ষে অন্তত ড্র করতে পারলেই শিরোপা নিশ্চিত হবে আল নাসরের।
