হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় থাকা ৬ মাস বয়সী শিশু নূর নাহারের সুচিকিৎসার দায়িত্ব গ্রহণ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ভাইস প্রেসিডেন্ট ও ‘সুরভি’র সংগঠক ডা. জুবাইদা রহমান। সম্প্রতি গণমাধ্যমে শিশুটির অসহায়ত্বের সংবাদ দেখে তিনি অবিলম্বে তার চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন।
কেরানীগঞ্জের বাসিন্দা স্বর্ণা আক্তারের ৬ মাস বয়সী কন্যা নূর নাহার বর্তমানে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন। শিশুটি দীর্ঘদিন ধরে হাম, নিউমোনিয়া ও তীব্র শ্বাসকষ্টে ভুগছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এই বয়সী শিশুর ওজন ৭-৯ কেজি হওয়ার কথা থাকলেও অপুষ্টি ও রোগে ভুগে নূর নাহারের ওজন এখন মাত্র ৩ কেজি। অর্থাভাবে ঢাকা মেডিকেল কলেজ থেকে ফিরে আসা এই অসহায় পরিবারের মানবেতর জীবনযাপনের খবর ডা. জুবাইদা রহমানের দৃষ্টিগোচর হলে তিনি শিশুটির চিকিৎসার ভার নিতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা বিএনপি পরিবার’কে নির্দেশ প্রদান করেন।
ডা. জুবাইদা রহমানের নির্দেশনার প্রেক্ষিতে আজ বুধবার (১৩ মে) বিকেল সাড়ে ৫টায় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল হাসপাতালে নূর নাহারের মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা শিশুটির চিকিৎসার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় আর্থিক ও চিকিৎসা সহায়তা প্রদান করেন। প্রতিনিধি দলটি জানায়, শিশুটির উন্নত চিকিৎসার সকল ব্যবস্থা ডা. জুবাইদা রহমানের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে।
এ সময় প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, ড্যাব কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, আব্দুল্লাহ আল মিসবাহ, মশিউর রহমান মহান প্রমুখ।
সন্তানের চিকিৎসার নিশ্চয়তা পেয়ে মা স্বর্ণা আক্তার আবেগাপ্লুত হয়ে পড়েন এবং ডা. জুবাইদা রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
