আসন্ন ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে জরুরি উন্নয়নমূলক কাজ ও সঞ্চালন লাইনের রক্ষণাবেক্ষণের জন্য রাজশাহীর কিছু এলাকায় বৃহস্পতিবার (১৩ মে) টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সম্প্রতি নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-র নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩৩ কেভি ও ১১ কেভি বিদ্যুৎ লাইনের পাশে থাকা গাছের শাখা-প্রশাখা কাটার জন্য মেহেরচন্ডি ৩৩ কেভি ও কড়াইতলা ফিডারের আওতাধীন এলাকাগুলোতে এই সাময়িক বিভ্রাট ঘটবে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।
প্রভাবিত এলাকাগুলো হলো: কড়াইতলা মোড়, দায়রাপাক মোড়, রেজা কোল্ড স্টোরেজ, পশ্চিম বুধপাড়া ও উৎস ব্লক ফ্যাক্টরি সংলগ্ন এলাকা।
নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতেই এই আগাম রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করা হচ্ছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
