পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ও পরিবারের সাথে কাটানো সময় শেষে জীবিকার তাগিদে আবারও রাজধানীতে ফিরতে শুরু করেছেন দক্ষিণাঞ্চলের মানুষ। বুধবার (২৫ মার্চ) ভোর থেকেই ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
সরেজমিনে দেখা যায়, পটুয়াখালী, ভোলা, বরিশাল ও বরগুনাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা লঞ্চগুলো ভোরে সদরঘাট টার্মিনালে পৌঁছায়। এবারের ফিরতি যাত্রায় যাত্রীদের মাঝে স্বস্তি লক্ষ্য করা গেছে। অনেক যাত্রী জানান, নির্ধারিত ভাড়ায় এবং কোনো প্রকার ভোগান্তি ছাড়াই তারা ঢাকায় ফিরতে পেরেছেন।
পরিবার নিয়ে ফেরা এক সরকারি কর্মকর্তা বলেন, “পরিবারের সাথে ১৭ থেকে ২৩ তারিখ পর্যন্ত ঈদের ছুটি কাটিয়েছি। যাত্রা পথে খুব একটা ভিড় বা হয়রানির শিকার হতে হয়নি, তাই নির্বিঘ্নে কর্মস্থলে ফিরতে পেরে ভালো লাগছে।”
লঞ্চ সংশ্লিষ্টরা জানিয়েছেন, যাত্রীদের নিরাপত্তা ও সুশৃঙ্খলভাবে নামার জন্য টার্মিনাল এলাকায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, সরকার ঘোষিত ঈদের ছুটি শেষ হওয়ায় আজ থেকেই পুরোদমে সরগরম হয়ে উঠছে রাজধানীর অফিস-আদালত।
