ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী ঐক্যের ১৩ জন প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে। আজ সোমবার (২০ এপ্রিল) বিকেলে জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা বিষয়টি নিশ্চিত করেছেন। আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এই নামগুলো ঘোষণা করা হবে।
জামায়াতের পক্ষ থেকে মনোনীত ৮ জন হলেন—কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবিকুন নাহার মুন্নি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, সিলেটের মাহফুজা সিদ্দিকা, বগুড়ার সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা সামাদ এবং খুলনা মহানগরীর সেক্রেটারি সামসুন নাহার।
ঐক্যজোটের শরিক ও অন্যান্য দল থেকে ৫ জনকে মনোনীত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন—এনসিপির নারী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র আহ্বায়ক মনিরা শারমিন ও সদস্য সচিব মাহমুদা আলম মিতু, জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের মাহবুবা হাকিম। বিশেষ গুরুত্ব দিয়ে তালিকায় রাখা হয়েছে জুলাই বিপ্লবের শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমকে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ১১-দলীয় ঐক্য মোট ৭৭টি আসনে জয়লাভ করে। আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে তারা ১৩টি আসন পেতে যাচ্ছে। অন্যদিকে বিএনপি পাচ্ছে ৩৬টি এবং স্বতন্ত্র প্রার্থীরা সম্মিলিতভাবে ১টি সংরক্ষিত আসন পাবেন।
