হত্যার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানার আরও দুই মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে সাবেক এই মেয়রের বিরুদ্ধে থাকা মোট ১২টি মামলার সবকটিতেই জামিন বহাল রইল। তার কারামুক্তিতে এখন আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর শুনানি নিয়ে আজ রবিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন।
আদালতে আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল।
আইভীর আইনজীবীরা জানান, সাবেক মেয়রের বিরুদ্ধে মোট ১২টি মামলা ছিল। এর আগে ১০টি মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন। তবে পরবর্তীতে সিদ্ধিরগঞ্জ থানার দুটি হত্যা মামলায় তাকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে একটি মামলায় গত ২ মার্চ এবং অপরটিতে ১২ এপ্রিল তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। সর্বশেষ আজ এই দুটি মামলাতেও জামিন বহাল থাকায় তার কারাগার থেকে মুক্তি পেতে আর কোনো আইনি জটিলতা রইল না।
