রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশি অভিযানে এক কিশোরকে চড় মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। পুলিশের এই আচরণকে ‘ক্ষমতার অপব্যবহার’ হিসেবে উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া প্রতিবাদ জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিজের ফেসবুকে ভাইরাল ভিডিওটির একটি স্ক্রিনশট শেয়ার করে দীর্ঘ স্ট্যাটাস দেন শবনম ফারিয়া। সেখানে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সম্মান বজায় রাখার আহ্বান জানানোর পাশাপাশি নাগরিকদের ওপর শারীরিক বলপ্রয়োগের সমালোচনা করেন।
ফারিয়া লেখেন, “দেশের আইনশৃঙ্খলার যে অবস্থা, অবশ্যই সার্চ করবেন, জিজ্ঞাসাবাদ করবেন। এইটা আপনাদের কাজ। কিন্তু গায়ে হাত তুলবেন কেন? এই যে হুদাই ক্ষমতার অপব্যবহার করেন বলে আপনাদের ওপর মানুষের বিশ্বাস কিংবা সম্মান নষ্ট হয়ে যায়!”
তিনি আরও যোগ করেন, “আমরা আপনাদের সম্মান করতে চাই, বিশ্বাস করতে চাই আপনারা সত্যিই আমাদের সেবায় নিয়োজিত। আমরা চাই, আপনারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখুন। কিন্তু দেশের নাগরিকদের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি সম্মানও করতে হবে।”
ঘটনার প্রেক্ষাপট সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে সোহরাওয়ার্দী উদ্যানে মাদক নির্মূলে বিশেষ অভিযানে নামে পুলিশ। অভিযান চলাকালীন কয়েকজনকে মারধর ও লাঞ্ছিত করার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায়, দায়িত্বরত এক পুলিশ সদস্য এক কিশোরকে চড় মারছেন এবং বাজে আচরণ করছেন। বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, এই ঘটনার প্রতিবাদে আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগ থানা ঘেরাও করে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের অপসারণ দাবি করেছেন।
