অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দা উঠতে যাচ্ছে বাঙালির প্রাণের উৎসব ‘অমর একুশে বইমেলা-২০২৬’-এর। এবারের মেলা চলবে টানা ১৭ দিন। আগামী ২৬ ফেব্রুয়ারি শুরু হয়ে মেলা শেষ হবে ১৫ মার্চ। এবারের মেলার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বহুমাত্রিক বাংলাদেশ’।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তথ্য তুলে ধরেন সদস্য সচিব ড. মো. সেলিম রেজা।
ড. সেলিম রেজা জানান, আগামী ২৬ ফেব্রুয়ারি দুপুর ২টায় বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি মেলার শুভ সূচনা করবেন।
দর্শনার্থীদের জন্য মেলার সময়সূচী ঘোষণা করা হয়েছেঃ-
- সাধারণ দিন: প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত।
- ছুটির দিন: বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।
- প্রবেশের শেষ সময়ঃ- রাত সাড়ে ৮টার পর নতুন করে কোনো দর্শনার্থী মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না।
এবারের মেলায় ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলা প্রাঙ্গণকে দুই ভাগে ভাগ করা হয়েছে:
- বাংলা একাডেমি প্রাঙ্গণ: ৮১টি প্রতিষ্ঠান।
- সোহরাওয়ার্দী উদ্যান: ৪৬৮টি প্রতিষ্ঠান।
- মোট ইউনিট: ১০১৮টি।
লিটল ম্যাগাজিন চত্বর: সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের কাছাকাছি গাছতলায় ৮৭টি লিটলম্যাগ স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।
শিশুচত্বর: মোট ৬৩টি প্রতিষ্ঠানের ১০৭টি ইউনিট নিয়ে সাজানো হয়েছে শিশুদের বিশেষ জোন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলা প্রাঙ্গণে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কাজ করবে বিশেষ মনিটরিং টিম। দর্শনার্থীদের সুবিধার্থে সোহরাওয়ার্দী উদ্যানে পর্যাপ্ত আলো ও পানির ব্যবস্থা রাখা হয়েছে।
