স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আবারও সংগঠিত হবে জনগণ: এনসিপি আহ্বায়ক।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশে ফ্যাসিবাদ বা নতুন কোনো স্বৈরতন্ত্র কায়েমের চেষ্টা করা হলে জনগণ আবারও সংগঠিত হবে। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার নির্বাচনের আগের সংস্কারের প্রতিশ্রুতি রক্ষা না করে পূর্বের স্বৈরতান্ত্রিক ধারা বজায় রাখার চেষ্টা করছে।

আজ বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মিলনায়তনে এক বিশাল যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সাবেক যুবদল নেতা মোহাম্মদ ইসহাক সরকার, শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি এবং অনলাইন অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন রনিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় তিন হাজার নেতাকর্মী এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

নাহিদ ইসলাম বলেন, “আমরা সংস্কারের আকাঙ্ক্ষা নিয়ে জনগণকে পরিবর্তনের স্বপ্ন দেখিয়েছিলাম। কিন্তু নির্বাচনের পর সরকার গণভোটকে অস্বীকার করে সবকিছুকে আগের মতো করার চেষ্টা করছে। ব্যাংক লুটেরাদের সুযোগ দেওয়া হচ্ছে এবং শিক্ষা প্রতিষ্ঠানে আবারও পেশিশক্তির রাজনীতি শুরু হয়েছে।”

স্থানীয় সরকার নির্বাচনে তারুণ্যের জয়জয়কার হবে উল্লেখ করে তিনি আরও বলেন, “আগামী স্থানীয় নির্বাচনে এনসিপির সমর্থনে তরুণেরা নেতৃত্বে আসবে। পরিবর্তন প্রত্যাশী যুবসমাজকে আমরা এনসিপিতে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।”

অনুষ্ঠানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *