অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে রোববার (১ মার্চ) নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী মো. সেলিম।
ব্যক্তিগত সহকারী জানান, গত শনিবার সকালে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন এবং পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন।
অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খানও মন্ত্রীর অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, নিউমোনিয়ার সংক্রমণের কারণে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চট্টগ্রাম-১১ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন সরকার গঠিত হওয়ার পর তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। বাজেট প্রণয়ন ও দেশের অর্থনৈতিক সংস্কারে তিনি বর্তমানে অগ্রণী ভূমিকা পালন করছেন।
মন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় তার নির্বাচনী এলাকা চট্টগ্রামসহ সারা দেশে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা দোয়া প্রার্থনা করেছেন।
