ইরানসহ মধ্যপ্রাচ্যজুড়ে চলমান যুদ্ধ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও সার্বিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার (১ মার্চ) সকালে সচিবালয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠকে তিনি এই খোঁজ নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিরা বর্তমানে কী অবস্থায় আছেন, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো আকাশসীমা বন্ধ করে দেওয়ায় অসংখ্য ফ্লাইট বাতিল হয়েছে। এর ফলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের দেখভাল এবং তাদের ভোগান্তি লাঘবে প্রধানমন্ত্রী সার্বক্ষণিক তদারকি করছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিমান প্রতিমন্ত্রী সকাল থেকেই বিমানবন্দরে অবস্থান করে পরিস্থিতি সামাল দিচ্ছেন। একইসঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রীও এ কাজে সার্বক্ষণিকভাবে নিয়োজিত রয়েছেন।
