হাসানুল হক ইনুকে ‘টেনশন না করতে’ বলা ২ পুলিশ সদস্য প্রত্যাহার; বিভাগীয় ব্যবস্থার নির্দেশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে ‘টেনশন না করতে’ বলা দুই কনস্টেবলকে নিরাপত্তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কনস্টেবল মো. জামাল হোসেন ও কনস্টেবল মো. সোলাইমান হোসেনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে ডিএমপি কমিশনারকে চিঠি পাঠিয়েছে ট্রাইব্যুনাল কর্তৃপক্ষ।

বুধবার (২৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এই অনুরোধ জানানো হয়। চিঠিতে বলা হয়, মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি হাসানুল হক ইনুকে এজলাস থেকে হাজতখানায় নেওয়ার পথে কনস্টেবল জামাল ও সোলাইমান তাঁর সঙ্গে বিভিন্ন ধরনের শৃঙ্খলাবহির্ভূত আলাপ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ সদস্যরা ইনুকে বলছেন, “টেনশন কইরেন না, আমরা আছি তো স্যার।”

ট্রাইব্যুনাল কর্তৃপক্ষ জানায়, ধারণকৃত ভিডিও ফুটেজে দৃশ্যমান তাঁদের আচরণ অপেশাদার এবং শৃঙ্খলাবহির্ভূত। এতে ট্রাইব্যুনালের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি বিচারিক কার্যক্রম হুমকির মুখে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। এমতাবস্থায়, তাঁদের বিরুদ্ধে তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা নিয়ে ট্রাইব্যুনালকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আটটি অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বর্তমানে হাসানুল হক ইনুর বিচার চলছে। গতকাল বুধবার ষষ্ঠ দিনের মতো তাঁর পক্ষে যুক্তি উপস্থাপন করেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৪ মে দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল-২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *