টানা কয়েক দিনের বৃষ্টিতে ঢাকার বায়ুদূষণে কিছুটা স্বস্তি মিললেও তা দীর্ঘস্থায়ী হয়নি। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গেই আবারও মেগাসিটি ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ হয়ে উঠেছে। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার (IQAir)-এর তথ্য অনুযায়ী, আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ঢাকা।
আইকিউএয়ারের রিয়েল – টাইম তথ্য অনুযায়ী, বায়ুমানের ১৩৭ স্কোর নিয়ে ঢাকা চতুর্থ স্থানে রয়েছে। তালিকার শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি (স্কোর ১৭২)। এছাড়া ১৫৬ স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর দ্বিতীয় এবং ১৫৫ স্কোর নিয়ে ইন্দোনেশিয়ার জাকার্তা তৃতীয় অবস্থানে রয়েছে। ১৩৫ স্কোর নিয়ে ইরাকের বাগদাদ রয়েছে পঞ্চম স্থানে।
বায়ুমানের সূচক অনুযায়ী, ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। আজ ঢাকার স্কোর এই সীমার মধ্যেই রয়েছে। তবে স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে সরাসরি ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। ২০৩ থেকে ৩০০ স্কোর ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টির কারণে ধূলিকণা সাময়িকভাবে কমলেও নগরের যানবাহনের ধোঁয়া ও নির্মাণকাজের প্রভাবে দূষণ দ্রুতই পূর্বের অবস্থায় ফিরে আসছে। এ অবস্থায় শিশু, প্রবীণ ও শ্বাসকষ্টের রোগীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
