ঈদুল ফিতরে মাল্টিপ্লেক্সের আভিজাত্য জয় করার পর এবার দেশের সাধারণ দর্শকদের উন্মাদনায় শরিক হতে যাচ্ছে বছরের সবথেকে আলোচিত চলচ্চিত্র ‘দম’। আগামী শুক্রবার (২৪ এপ্রিল) থেকে সারা দেশের ৫০টিরও বেশি সিঙ্গেল স্ক্রিনে একযোগে মুক্তি পাচ্ছে সিনেমাটি। প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি এই তথ্য নিশ্চিত করেছে।
মুক্তির অনেক দিন পর কেন সিঙ্গেল স্ক্রিনে—এমন প্রশ্নে প্রযোজনা প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার শাকিল জানান, পাইরেসির ঝুঁকি এড়াতেই শুরুতে সিনেমাটি শুধু মাল্টিপ্লেক্সে সীমাবদ্ধ রাখা হয়েছিল। এখন সিঙ্গেল স্ক্রিনের জন্য নতুন পোস্টার ডিজাইন ও হলগুলোতে পাঠানোর কাজ শেষ পর্যায়ে রয়েছে। ঢাকার মধুমিতা, সাভারের সেনা অডিটরিয়াম থেকে শুরু করে রংপুরের শাপলা, সিলেটের নন্দীতা ও যশোরের মণিহারের মতো ঐতিহ্যবাহী হলগুলোতে মুক্তি পাচ্ছে এই চলচ্চিত্র।
পরিচালক রেদওয়ান রনি বলেন, “‘দম’ শুধু একটি সিনেমা নয়, এটি বাঙালির বিজয়ের গল্প। দেশের মানুষের কাছে এই অদম্য সাহসিকতার গল্প নিয়ে যেতে পেরে আমি আনন্দিত।” অন্যদিকে সিনেমার প্রধান আকর্ষণ আফরান নিশো নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “গল্পের ভাবনা শোনার পরেই আমি এতে কাজ করতে রাজি হয়েছিলাম। পারফর্মার হিসেবে আমি যে ধরণের ভিশন চাই, ‘দম’ তাতে নিখুঁতভাবে ফিট করে।”
দেশের গণ্ডি পেরিয়ে অস্ট্রেলিয়া, আমেরিকা ও কানাডাতেও ‘দম’ সফলভাবে প্রদর্শিত হচ্ছে। উত্তর আমেরিকায় দর্শক চাহিদার কারণে মাত্র এক সপ্তাহেই হলের সংখ্যা ৭টি থেকে বাড়িয়ে ৫০টিতে উন্নীত করা হয়েছে।
আফরান নিশো ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন পূজা চেরী, চঞ্চল চৌধুরী, আবুল হায়াত, ডলি জহুর ও জাহিদ হাসানের মতো দাপুটে তারকারা।
