২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞা; শুরু হয়েছে ধোয়া-মোছা ও প্রস্তুতির কাজ

সাভার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক কাজের জন্য সাভারের জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ মার্চ পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। শুক্রবার (১৩ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন।

গণপূর্ত বিভাগ জানিয়েছে, দর্শনার্থীদের ভোগান্তি কমাতে এবার দুই ধাপে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করা হচ্ছে। প্রথম ধাপে ৬ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধের নির্দিষ্ট কিছু অংশে জনসাধারণের প্রবেশ সীমিত রাখা হয়েছিল। দ্বিতীয় ধাপে আজ অর্থাৎ ১৪ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত পুরো স্মৃতিসৌধ এলাকা সর্বসাধারণের জন্য সম্পূর্ণ বন্ধ থাকবে।

স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ ২৬ মার্চ সকালে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং দেশি-বিদেশি ভিভিআইপি ও ভিআইপি ব্যক্তিবর্গ শ্রদ্ধা নিবেদন করবেন। তাঁদের আনুষ্ঠানিকতা শেষ করে স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে। ভিআইপিদের বিদায়ের পর সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *