৫ জেলায় ই-হেলথ কার্ড ও ৫ লাখ সরকারি নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

বর্তমান সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির আওতায় দেশের পাঁচটি জেলায় পরীক্ষামূলকভাবে ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে পাবনা-৪ আসনের সংসদ সদস্য মো. শামসুর রহমান সিমুল বিশ্বাসের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এই তথ্য জানান।

প্রধানমন্ত্রী জানান, খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী জেলায় প্রাথমিকভাবে এই ই-হেলথ কার্ড কার্যক্রম চালু করা হবে। এ সংক্রান্ত একটি প্রকল্প প্রস্তাব বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই কার্ডের মাধ্যমে রোগীদের ডিজিটাল রেফারেল সিস্টেম ও ইলেকট্রনিক পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের সঙ্গে যুক্ত করা হবে, যা চিকিৎসা ব্যবস্থাকে আরও সহজ ও দ্রুততর করবে।

চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী একটি বড় ঘোষণা দেন। তিনি জানান, সরকার সারা দেশে মোট পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থায় বর্তমানে দুই হাজার ৮৭৯ জন নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে।

প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, বর্তমানে দেশে ৩ লাখ ৭৬ হাজার ৪৮৯ জন শিক্ষক রয়েছেন। এর মধ্যে ১ লাখ ৩০ হাজার শিক্ষককে ইতোমধ্যে ইংরেজি বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগামী ১ জুলাই থেকে শুরু হতে যাওয়া ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’র আওতায় বাকি সব শিক্ষককেও পর্যায়ক্রমে এই প্রশিক্ষণের আওতায় আনা হবে।

সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর এই যুগান্তকারী ঘোষণাগুলো দেশের স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান খাতে নতুন আশার সঞ্চার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *