নীলফামারী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত পুরাতন জেলা কারাগার ভবন থেকে পুরাতন লোহার জানালা, দরজা ও গ্রিলসহ বিভিন্ন নির্মাণসামগ্রী উধাও হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভবিষ্যতের জন্য নীলফামারী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
গণপূর্ত বিভাগের নীলফামারীতে কর্মরত উপসহকারী প্রকৌশলী মো. বুলবুল আহমেদ গত ২০ এপ্রিল ২০২৬ তারিখে নীলফামারী সদর থানায় জিডির আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, নীলফামারী পুরাতন জেলা কারাগার ভবনটি বর্তমানে জেলা চীফ জুডিসিয়াল আদালত ভবন নির্মাণের জন্য নির্ধারণ করা হয়েছে। ভবনটি লে-আউটে পতিত হওয়ায় নিলামে বিক্রির মাধ্যমে ভেঙে অপসারণের অনুমতি প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে নিলাম দরপত্র আহ্বানের আগে ভবনটির সার্ভে রিপোর্ট অনুমোদন ও ভাঙার অনুমতি গ্রহণের কার্যক্রম চলছে।
জিডিতে বলা হয়, গত ১২ এপ্রিল ২০২৬ সকাল আনুমানিক ১১টার দিকে উপসহকারী প্রকৌশলী মো. বুলবুল আহমেদ, উপবিভাগীয় প্রকৌশলী মো. আমানুর রহমান, ঠিকাদার মো. আমিনুর ইসলাম ও কার্যসহকারী মো. আলমগীর হোসেনসহ গণপূর্ত বিভাগের সংশ্লিষ্টরা পুরাতন জেলা কারাগার ভবনটি পরিদর্শনে যান। এ সময় তারা দেখতে পান, ভবনে থাকা পুরাতন লোহার জানালা, দরজা ও গ্রিলসহ কিছু মালামাল সেখানে নেই।
এতে সংশ্লিষ্টদের ধারণা, তাদের অনুপস্থিতির সুযোগে অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা এসব মালামাল নিয়ে গেছে। তবে উধাও হওয়া মালামালের সুনির্দিষ্ট মূল্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলে তারা আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। এর পরিপ্রেক্ষিতে ভবিষ্যতের জন্য বিষয়টি থানায় সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন করেন গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. বুলবুল আহমেদ।
জিডির বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমান সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন বলে আবেদনে উল্লেখ রয়েছে।
পুরাতন কারাগার ভবনটি ভেঙে অপসারণ ও নিলাম প্রক্রিয়ার আগে সরকারি সম্পদ হিসেবে থাকা অবশিষ্ট নির্মাণসামগ্রী নিরাপদে সংরক্ষণ এবং উধাও হওয়া মালামালের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *