কুমিল্লার লালমাই উপজেলার ঐতিহ্যবাহী বাগমারা উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে দেখা দিয়েছে চরম হতাশা। ৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৩ জনই অকৃতকার্য হয়েছে। পাস করেছে মাত্র ২৯ জন। বিদ্যালয়ের পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৩৮ দশমিক ১৬ শতাংশ।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ব্যবসায় শিক্ষা বিভাগে ভয়াবহ বিপর্যয় ঘটেছে। এ বিভাগ থেকে ৩৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও উত্তীর্ণ হয়েছে মাত্র ৫ জন। ফেল করেছে ৩১ জন শিক্ষার্থী।
মানবিক বিভাগেও ফলাফল আশানুরূপ হয়নি। এ বিভাগে পরীক্ষার্থীদের মধ্যে মাত্র ১ জন পাস করেছে, আর ৩ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
বিদ্যালয়ের সামগ্রিক ফলাফলে হতাশা আরও বাড়িয়েছে বিপুলসংখ্যক শিক্ষার্থীর অকৃতকার্য হওয়ার বিষয়টি। তবে বিজ্ঞান বিভাগে কিছুটা স্বস্তি এসেছে। এ বিভাগে ২৩ জন শিক্ষার্থী পাস করেছে এবং ১৩ জন ফেল করেছে। বিজ্ঞান বিভাগ থেকে মাত্র একজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
এদিকে বাগমারা উচ্চ বিদ্যালয়ের এমন ফলাফলে স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে প্রশ্ন উঠেছে। তারা বলছেন, নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের তদারকি এবং দুর্বল শিক্ষার্থীদের জন্য কার্যকর পরিকল্পনার ঘাটতির কারণেই এমন ফলাফল হয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
স্থানীয়দের দাবি, বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে এখনই কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যতে আরও খারাপ ফলাফলের মুখোমুখি হতে পারে প্রতিষ্ঠানটি। ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ের এমন ফলাফল নিয়ে দ্রুত পর্যালোচনা ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
