‘আমি ট্রান্সজেন্ডার নই, আমি ছেলে’: ছাত্রদল নেতার বহিষ্কারে নতুন মোড়

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জেন্ডার সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে বহিষ্কৃত ছাত্রদল নেতা রেদোয়ান ইসলাম নিজেকে ‘সম্পূর্ণ পুরুষ’ দাবি করেছেন। সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের পদ থেকে বহিষ্কারের পর সোমবার (৬ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি এই দাবি করেন।

‘রিহিয়া রিহি’ নামে একটি ফেসবুক আইডি থেকে দেওয়া পোস্টে রেদোয়ান লেখেন, “আমি ট্রান্সজেন্ডার নই। আমি একজন সম্পূর্ণ ছেলে এবং একজন সংস্কৃতিকর্মী। দীর্ঘদদিন ধরে সাংস্কৃতিক কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকার কারণে কিছু কন্টেন্ট তৈরি করেছিলাম। ভুল ধারণা থেকে কেউ যেন সম্মানহানি না করেন।” তিনি আরও জানান, বিতর্কিত কন্টেন্টগুলো তিনি সরিয়ে ফেলেছেন।

রেদোয়ানের পিতা জাহাঙ্গীর আলম বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, “রেদোয়ান টিকটক করতে কিছু ভিডিও বানিয়ে ফেসবুকে ছেড়েছিল। ছেলে থেকে মেয়েতে রূপান্তরের তথ্যটি সঠিক নয়। পরিবারের কেউ এসব ভিডিও সমর্থন করেনি, তবে সে তার ভুলের জন্য ক্ষমা চেয়েছে।”

এর আগে রোববার (৫ এপ্রিল) জেলা ছাত্রদলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে রেদোয়ানকে বহিষ্কারের কথা জানানো হয়। জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী জানিয়েছিলেন, জীবনবৃত্তান্তে নিজেকে পুরুষ উল্লেখ করলেও পরে জানা যায় তিনি লিঙ্গ পরিবর্তন করেছেন। তথ্য গোপনের দায়েই তাকে বহিষ্কার করা হয়েছে। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বর্তমানে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *