অভিনয় ও নাচের পর এবার উপস্থাপনায় নাম লিখিয়েছেন আলোচিত অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। নতুন এই পরিচয়ে দর্শকদের সামনে আসার পর মিশ্র প্রতিক্রিয়া পেলেও সমালোচনায় কান দিতে নারাজ তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভাবনা জানান, মুষ্টিমেয় কিছু মানুষের নেতিবাচক মন্তব্যের জন্য তিনি নিজের নতুন অভিজ্ঞতা অর্জন থামিয়ে দেবেন না।
উপস্থাপনা নিয়ে দর্শকদের নেতিবাচক মন্তব্য প্রসঙ্গে ভাবনা বলেন, “দর্শক কীভাবে প্রতিক্রিয়া জানাবে, তা আগে থেকে বোঝা সম্ভব নয়। তবে আমার মতে, নেতিবাচক মন্তব্যকারীর সংখ্যা খুবই কম। আমার কাজ ছিল উপস্থাপনা করা, আমি সেটা করেছি। এখন ২ শতাংশ মানুষ বাজে কথা তো বলবেই। আপনি কাউকে ১০০ শতাংশ খুশি করতে পারবেন না। তার জন্য কি আমি বাসায় বসে থাকব? আমি একটা নতুন কাজ এক্সপেরিয়েন্স করব না? অবশ্যই করব।”
সমালোচকদের চেয়ে শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসাকেই বড় করে দেখছেন এই অভিনেত্রী। অধিকাংশ মানুষ তার কাজের প্রশংসা করেছেন দাবি করে তিনি বলেন, “আমাকে বেশি সংখ্যক মানুষ অ্যাপ্রিশিয়েট করেছে। নতুন একটা কাজের সুযোগ পেয়েছি, আমি কেন করব না?” ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার ইচ্ছা প্রকাশ করে তিনি মজার ছলে জানান, একদিন দেশের প্রধানমন্ত্রীরও সাক্ষাৎকার নিতে চান তিনি।
