ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১২ মে এই আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার (৬ এপ্রিল) নির্বাচন কমিশনের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এসব তথ্য জানান।
ইসি সচিব জানান, রাজনৈতিক দল ও জোটের প্রাপ্ত আসন অনুযায়ী সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়েছে। এর মধ্যে বিএনপি জোট পাবে ৩৬টি আসন, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীরা পাবেন ১টি আসন। উল্লেখ্য যে, ব্যারিস্টার রুমিন ফারহানা জোটের হয়ে নির্বাচনে অংশ নেবেন না বলে ইতোমধ্যে জানিয়েছেন।
বৈঠকের অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত:–
১. নির্বাচনি মামলা:– গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর এখন পর্যন্ত মোট ৫০টি নির্বাচনি মামলা হয়েছে। চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল আদালতের নির্দেশে স্থগিত রাখা হয়েছে।
২. ইভিএম বিতর্ক:- স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহার হবে কি না, তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ইভিএম সংক্রান্ত আর্থিক অনিয়ম ও কারচুপির অভিযোগ তদন্ত করছে দুদক ও অডিট বিভাগ।
৩. উপনির্বাচন:– শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনের পরিবেশ বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কমিশন।
৪. ব্যয় হিসাব:– প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময় আরও এক মাস বাড়ানো হয়েছে।
এছাড়া নির্বাচনে দায়িত্ব পালনকালে আহত বা নিহতদের ক্ষতিপূরণ নীতিমালা পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। ৮০টি দেশীয় পর্যবেক্ষক সংস্থার প্রতিবেদন বিশ্লেষণ করে ভবিষ্যতে আইন সংশোধনের সুপারিশও করা হবে বলে জানান সচিব।
