ইউএস-বাংলার জরুরি ঘোষণা: ৪ ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছানোর অনুরোধ

মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই সৌদি আরব ও ওমানের নির্দিষ্ট কিছু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। তবে যাত্রী নিরাপত্তা বিবেচনায় দুবাই ও দোহাসহ বেশ কয়েকটি রুটে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

রোববার (১ মার্চ) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছে ইউএস-বাংলা কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি আরবের রাজধানী রিয়াদ, বাণিজ্যিক শহর জেদ্দা এবং ওমানের রাজধানী মাস্কাটে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ইউএস-বাংলার ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট রুটের যাত্রীদের ফ্লাইটের নির্ধারিত সময়ের অন্তত ৪ ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত হয়ে বোর্ডিং পাস সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
স্থগিত হওয়া রুটসমূহ মধ্যপ্রাচ্যের সার্বিক যুদ্ধ পরিস্থিতি ও বিভিন্ন দেশের আকাশসীমা বন্ধ থাকায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি, শারজাহ এবং কাতারের রাজধানী দোহায় ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই স্থগিত হওয়া ফ্লাইটের যাত্রীদের সঙ্গে যোগাযোগ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ফ্লাইট সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যাত্রীদের নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে:
হটলাইন: ১৩৬০৫
মোবাইল: ০১৭৭৭৭৭৭৮০০-৮০৬

প্রেক্ষাপট ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার পাল্টাপাল্টি হামলার জেরে মধ্যপ্রাচ্যের আকাশপথে অস্থিরতা বিরাজ করছে। এর আগে রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও তাদের মধ্যপ্রাচ্যগামী বেশ কিছু ফ্লাইট স্থগিত করার ঘোষণা দেয়। এমন পরিস্থিতিতে ইউএস-বাংলার এই ঘোষণা সৌদি ও ওমানগামী প্রবাসীদের জন্য কিছুটা স্বস্তি নিয়ে এলেও কাতার ও আমিরাতগামীদের অপেক্ষা আরও বাড়ল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *