ইতালির উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবির ঘটনায় বাংলাদেশিসহ অন্তত ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৭০ জন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) রোববার (৫ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেছে।
দাতব্য সংস্থা ‘মেডিটেরিয়ানে সেভিং হিউম্যানস অ্যান্ড সি-ওয়াচ’ জানায়, উদ্ধারকৃতদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও মিশরের নাগরিক রয়েছেন। ইতালীয় কোস্ট গার্ডের মুখপাত্র রবার্তো ডি’অ্যারিগো জানান, লিবীয় কর্তৃপক্ষের তদারকিতে একটি ইতালীয় মালবাহী জাহাজ এবং একটি লাইবেরীয় বাণিজ্যিক জাহাজ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধারকৃত ৩২ জনই পুরুষ, যাদের মধ্যে একজন কিশোর রয়েছে। তাদের বর্তমানে ইতালির দক্ষিণ প্রান্তের ল্যাম্পেদুসা দ্বীপে রাখা হয়েছে।
উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাতে জানা যায়, নৌকাটি লিবিয়ার তাজোরা বন্দর থেকে শতাধিক অভিবাসনপ্রত্যাশী নিয়ে যাত্রা শুরু করেছিল। যাত্রার কয়েক ঘণ্টার মধ্যেই বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি উল্টে যায়।
চলতি বছর এখন পর্যন্ত ভূমধ্যসাগরে অন্তত ৭২৫ জন নিখোঁজ হয়েছেন। গত সপ্তাহেও ল্যাম্পেদুসা থেকে ৮০ নটিক্যাল মাইল দূরে একটি ডিঙি নৌকা থেকে ১৯টি মরদেহ উদ্ধার করেছিল ইতালীয় কোস্ট গার্ড। ল্যাম্পেদুসা দ্বীপে উদ্ধারকৃতদের প্রয়োজনীয় চিকিৎসা ও আইনি সহায়তা প্রদান করা হচ্ছে।
